প্রকাশিত :  ০৭:১৩
০২ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এর মধ্য দিয়ে রাজ্যটির মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি হলো একটি ঐতিহাসিক মুহূর্ত।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সম্প্রতি বিতর্কিত ও বহুল আলোচিত অ্যাসেম্বলি বিল ২০১৭-এ স্বাক্ষর করার মাধ্যমে বিলটিকে আইনে পরিণত করেন।

ওয়াশিংটনের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া মুসলিমদের এই দুই ধর্মীয় উৎসবকে সরকারি স্বীকৃতি দিল। এর ফলে ক্যালিফোর্নিয়ার সরকারি চাকরিজীবী ও বিদ্যালয়ের শিক্ষকরা কোনো ঝামেলা ছাড়াই ঈদের ছুটি ভোগ করতে পারবেন।

নতুন এই আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কমিউনিটি কলেজগুলো চাইলে নিজেদের সুবিধামতো আলোচনা করে ঈদের দিনে প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে।

এর ফলে কাজের চাপ কিংবা পড়াশোনার চিন্তা ভুলে পরিবারের সঙ্গে পুরোপুরি ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হলো ক্যালিফোর্নিয়ার বিশাল মুসলিম জনগোষ্ঠীর।

চলতি বছরের মার্চ মাসে সান ফ্রান্সিসকোর ডেমোক্র্যাট অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি ‘স্টেট হলিডেজ : ঈদ’ শিরোনামে বিলটি উত্থাপন করেন। বিলটি পাসের পর আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘আমেরিকার সবচেয়ে বড় মুসলিম সম্প্রদায়গুলোর একটির নিবাস এই ক্যালিফোর্নিয়া। এত দিন কাজের প্রয়োজনে বা পড়াশোনার কারণে অনেকেই ঠিকমতো ঈদ উদযাপন করতে পারতেন না।

এই স্বীকৃতির মাধ্যমে আমরা তাদের সংস্কৃতির প্রতি সর্বোচ্চ সম্মান জানালাম।’

একই মতামত ব্যক্ত করেছেন ‘ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স’-এর চেয়ারম্যান জেসন পাগুইও। তিনি জানান, সরকারি এই পদক্ষেপ শুধু দুই ঈদের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বকেই তুলে ধরে না, বরং বিভিন্ন সরকারি সংস্থাকে মুসলিম ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার পথও সুগম করেছে।

উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অঙ্গরাজ্য হিসেবে ওয়াশিংটন দুই ঈদকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার নজির গড়েছিল। এবার তাদের পথেই হাঁটল ক্যালিফোর্নিয়া।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর