প্রকাশিত : ১১:৪৪
০১ অক্টোবর ২০২৬
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বাড়ির রান্নাঘর থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় মানিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় মানিক মিয়ার স্ত্রী রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ তিনি রান্নাঘরে রাখা লাকড়ির ওপর একটি সাপ দেখতে পান। সাপটি দেখেই তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের লোকজনও ছুটে আসেন।
রান্নাঘরে সাপ দেখে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নিতে চান। তবে এ সময় বাবু নামের স্থানীয় এক ব্যক্তি সাপটি না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে বিষয়টি জানান।
এদিকে লোকজনের চিৎকার-চেঁচামেচিতে সাপটি লাকড়ির স্তূপের নিচে চলে গিয়ে লুকিয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।
পরে তাঁরা প্রায় ৪০ মিনিট ধরে রান্নাঘরে রাখা লাকড়িগুলো একে একে সরিয়ে সাপটির অবস্থান শনাক্ত করেন। একপর্যায়ে লাকড়ির নিচ থেকে একটি দাঁড়াশ সাপ বেরিয়ে আসে। কোনো ধরনের আঘাত না করে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দাঁড়াশ সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্য প্রাণী ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও বিষয়টি জানানো যেতে পারে।