‘দেশ-মাতৃকার সঙ্গে প্রবাসের সেতুবন্ধন’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটনে অনুষ্ঠিত হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। এবারের সম্মেলনের স্লোগান ‘থিং বাংলাদেশ’।
সামিট উপলক্ষে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, কনভেনর মমিনুল হক ও এক্সিকিউটিভ মেম্বার নন্দিতা সারমিন।
লিখিত বক্তব্যে মমিনুল হক বলেন, এনআরবি ওয়ার্ল্ড একটি অলাভজনক, অরাজনৈতিক ও দেশসেবামূলক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও বিনিয়োগকে দেশের উন্নয়নের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করাই সংগঠনটির মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংগঠনের নেটওয়ার্কে বর্তমানে ৫০টির বেশি দেশের প্রবাসী বাংলাদেশি পেশাজীবী যুক্ত রয়েছেন।
তিনি বলেন, প্রবাসীরা শুধু বাংলাদেশের দূত নন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্বের বিভিন্ন প্রান্তে সফল বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের কাজে লাগানোর লক্ষ্যেই সংগঠনটি কাজ করছে।
আয়োজকদের আশা, এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন। এতে ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দের পাশাপাশি রাজনীতিবিদ, মন্ত্রী, কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণের কথা রয়েছে।
দুই দিনের সম্মেলনে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও প্রবাসী সম্পৃক্ততাসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে আলোচনা, গোলটেবিল বৈঠক ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানীদের অংশগ্রহণে স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে কয়েকটি আন্তর্জাতিক প্রকাশনার মোড়ক উন্মোচনের পাশাপাশি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে ‘যুক্তরাজ্যের ১০০ সফল বাংলাদেশি’ ও ‘ইউরোপের ১০০ সফল বাংলাদেশি’ শীর্ষক প্রকাশনার উদ্যোগের কথাও জানানো হয়েছে।
এনআরবি ওয়ার্ল্ড ‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেইন গেইন’-এ রূপান্তরের লক্ষ্যে প্রবাসী ডাক্তার, প্রকৌশলী, প্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশাজীবীর দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।
সংবাদ সম্মেলনে বক্তারা যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামিটে অংশ নিয়ে বাংলাদেশের সঙ্গে নতুন ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
Leave Your Comments