প্রকাশিত : ১৩:০৬
৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ হিসেবে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দায়িত্বে অবহেলা ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় প্রসিডিং শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা আমলে নেবো না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বলেন, দুর্বৃত্ত তো দুর্বৃত্তই। মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯-এ ফোনের সঙ্গে সঙ্গে পুলিশ গিয়েছে, গ্রেপ্তার করেছে এবং আলামত সংগ্রহ করেছে। আইনের নিয়ম অনুযায়ী যেকোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্ত করে মামলা রেজিস্টার করতে হয়, তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হয়ে যাবে। ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা বা রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্যের বিচার করবে জনগণ।