প্রকাশিত :  ১৮:১৮
২৯ সেপ্টেম্বর ২০২৬

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০

মিয়ানমারের রাখাইন রাজ্যে নদী তীরবর্তী একটি বাজার ও সেতুতে দেশটির সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার রাখাইনের কিয়াউকতাও টাউনশিপে একটি সেতু ও বাজারে এই হামলা চালায় সামরিক বাহিনী। এলাকাটি বর্তমানে একটি বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

হামলায় কিসসাপনাদি বা কালাদান সেতু এবং ‘ইন্ডিয়ান মার্কেট’ নামে পরিচিত জনবহুল বাজারে বোমা ফেলা হয়। ওই সময় বাজারে পথচারী, ক্রেতা ও শ্রমিকদের ভিড় ছিল। এ কারণে হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

কালাদান নদীর তীরে অবস্থিত উপকূলীয় শহর কিয়াউকতাওয়ে এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এপ্রিলে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মিয়ানমারে কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর আরও তীব্র হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে কয়েকটি জাতিগত সশস্ত্র ও বিরোধী গোষ্ঠী।

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা দীর্ঘদিন ধরেই সেনা অভিযান ও সহিংসতার বলি। সামরিক বাহিনীর অব্যাহত নির্যাতন ও দমন-পীড়ন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে প্রতিবেশী বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর