প্রকাশিত : ০৬:৪৪
২৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশীদারত্বের প্রশংসাও করেন নেতানিয়াহু।
তিনি বলেন, গণমাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সত্যের জন্য যুদ্ধ’ চলছে। কাতার ও তুরস্কসহ কয়েকটি বিদেশি দেশের বিরুদ্ধে ইসরাইলকে নিয়ে ‘মিথ্যা ছড়াতে বিপুল অর্থ ব্যয়ের’ অভিযোগও করেন তিনি।
তিনি আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ‘খুব কঠিন’ ছিল। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিকে নিজের নেওয়া ‘সবচেয়ে সহজ সিদ্ধান্তগুলোর একটি’ বলে উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহু দাবি করেন, ‘আমি যদি এটি না করতাম, তাহলে আমরা সবাই মারা যেতাম।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, ইসরাইল নিজেদের রক্ষা করার পাশাপাশি ওই দেশগুলোকেও রক্ষা করছে—এটি দাবি করার মধ্যে ‘চরম পরিহাস’ রয়েছে।
তিনি দাবি করেন, এসব দেশের অনেক নেতা ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ ইসরাইল ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস করেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার আগে নিউইয়র্কে বিভিন্ন দেশের প্রতিনিধিদের ব্যাপকভাবে অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটে।