প্রকাশিত : ০৭:৫৩
২৩ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন, ২২ সেপ্টেম্বর: খেলাধুলা, কমিউনিটির উন্নয়ন এবং সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি সংগঠক জয়নাল আবেদীন মিয়া গুলজার। নিজের জীবনের অন্যতম গৌরবময় এই অর্জনকে তিনি উৎসর্গ করেছেন তাঁর চার দশকেরও বেশি সময়ের ঘনিষ্ঠ সহযোদ্ধা, সোনালী অতীত ইউকে’’র প্রতিষ্ঠাতা মরহুম দৌলত খান বাবুলের স্মৃতির উদ্দেশ্যে।
গত কয়েক মাস আগে মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে মৃত্যুবরণ করেন কমিউনিটির প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব দৌলত খান বাবুল।
পুরস্কার প্রাপ্তির আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জয়নাল আবেদীন মিয়া গুলজার জানান, এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে তিনি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ, তবে পরম বন্ধুকে হারানোর গভীর বেদনা আজও তাঁর হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।
দৌলত খান বাবুলকে কেবল একজন সুহৃদ নয়, বরং নিজের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা একসাথে কমিউনিটির কল্যাণ, সামাজিক আন্দোলন ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে কাজ করেছেন। সোনালী অতীত ইউকে’র রূপকার হিসেবে দৌলত খান বাবুলের অবদান কমিউনিটি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি আরও বলেন, তাঁর সামাজিক ও স্বেচ্ছাসেবী জীবনের প্রতিটি সফলতা ও উদ্যোগের পেছনে দৌলত খান বাবুল ছিলেন এক অকৃত্রিম প্রেরণার উৎস।
পাশাপাশি তিনি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এবং সর্বাত্মক সমর্থনের জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।