প্রকাশিত : ০৯:২২
১৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে নিয়োগ পাওয়া চট্টগ্রাম অঞ্চলের চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তারা পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছেন। এ দাবিতে তারা মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে একই স্থানে 'সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে কয়েকশো গ্রাহক 'এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র' লেখা ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সকাল ৯টা থেকে উভয় পক্ষ অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে চলে যান।
চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, কোনো তদন্ত ছাড়াই তাদের সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর অভিযোগ, এস আলমের নিয়ন্ত্রণের সময়ে অনিয়ম ও জাল সনদের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।
চাকরিচ্যুত কর্মীদের একজন বলেন, চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।