প্রকাশিত : ১৬:৫৪
১২ সেপ্টেম্বর ২০২৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ব্রিকসের অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন শি জিনপিং।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দিকে ইঙ্গিত করে শি বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে না। শান্তি প্রতিষ্ঠায় চীন ব্রিকসের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে কাজ করবে।
চীনা প্রেসিডেন্ট ব্রিকসকে গ্লোবাল সাউথের নেতৃত্বস্থানীয় জোট এবং উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার মডেল হিসেবে বর্ণনা করেন। তিনি উদ্ভাবনভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করার কথাও বলেন।
ব্রিকস জোটে বর্তমানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে এই জোট গঠিত হয়। গত দুই দশকে জোটটি সম্প্রসারিত হলেও সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে ঐকমত্যে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রয়টার্স।
বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি মানুষ এখন ব্রিকসভুক্ত দেশগুলোতে বাস করে। বিশ্ব অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশও তাদের দখলে।
সম্মেলনকে ঘিরে নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি নেতাদের নিজস্ব নিরাপত্তা দলের সঙ্গে ভারতীয় সংস্থাগুলো সমন্বয় করে কাজ করছে।
শি জিনপিং জানিয়েছেন, আগামী বছর চীন ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব নেবে এবং আয়োজন করবে ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলন।