প্রকাশিত : ১৩:৪৪
১১ সেপ্টেম্বর ২০২৬
সংগ্রাম দত্ত: নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে সুনামগঞ্জে দুই দিনব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ও নৃত্যম নৃত্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশের কিংবদন্তি নৃত্যশিল্পী ও প্রশিক্ষক মুনমুন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক সুখেন্দু সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট অলক চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিধান বণিক, প্রশিক্ষক শামীম আশরাফ, শ্রাবন্তী পুরকায়স্থ, সামীর পল্লব, রিপন চন্দ ও অহনা এষ।
অনুষ্ঠানে সার্বিক দিকনির্দেশনা ও সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদ বলেন, ‘সুনামগঞ্জ সাংস্কৃতিক শহর, হাসনের শহর, রাধারমনের শহর। এখানে নাচের প্রশিক্ষণ দিতে এসে আমার খুবই ভালো লাগছে। জেলা শিল্পকলা একাডেমি এ রকম আকর্ষণীয় প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
তিনি বলেন, ‘আমি চাই সারা বাংলাদেশের যারা নাচের শিক্ষার্থী, তারা নাচ শিখতে চায় এবং একটু যদি নাচের টেকনিক ও নাচের কিছু ভালো দিকগুলো দিতে পারি এবং তারা যদি মনোযোগী হয়, নাচের জগতে এগিয়ে যাবে। আমার যতটুকু অভিজ্ঞতা, আমি সবটুকু দিয়ে যাব। আমি সেই আশার আলো নিয়ে এসেছি এবং তাদের মাঝে আমি আমার প্রতিফলন দেখতে চাই।’
মুনমুন আহমেদ আরও বলেন, নতুন নতুন যোগ্য নৃত্যশিল্পী গড়ে উঠুক—দুই দিনের এই প্রশিক্ষণে তাঁর এমনই প্রত্যাশা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নৃত্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন মুনমুন আহমেদ।