প্রকাশিত :  ১১:১৯
১১ সেপ্টেম্বর ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার, পাজেরো জব্দ

ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার, পাজেরো জব্দ

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা-বাগান এলাকার বিটিআরআই সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল থানার খোশবাস গ্রামের মো. ছাদ মিয়ার ছেলে শাহ আলম (৩৮), কুলাউড়া থানার বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়) এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল থানার শংকরসেনা (শিববাড়ী) এলাকার মো. আবদুল করিমের ছেলে মো. আলী হোসেন (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে ভোরে বিটিআরআই সড়কে অভিযান চালান। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা তিনজনকে আটক করা হয়।

পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার ও একটি স্টিলের এসএস রড উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপও জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে। মামলার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর