প্রকাশিত : ১৯:৪৬
০৪ সেপ্টেম্বর ২০২৬
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন আকর্ষণ হামহাম ঝরনার দুর্গম সিতাপ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে প্রশাসন। পাহাড়ি দুর্গম পথ, পাথুরে ঝিরিপথ এবং প্রবল পানির স্রোতের কারণে মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কয়েকজন মাছ শিকারি হামহাম পর্যটন এলাকার মোকাম টিলার সংলগ্ন সিতাপ এলাকায় নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁরা পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানার পর তাঁরা দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সরকারি বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিতাপ এলাকাটি পাহাড়ের ভেতরে হওয়ায় সেখানে পৌঁছানোই বেশ কঠিন। দুর্গম পাহাড়ি পথ, পাথুরে ঝিরিপথ এবং পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযানে সংশ্লিষ্টদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারী দল মরদেহটি নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার অভিযানে স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদব, চাম্পারায় চা-বাগানের বড় ম্যানেজার রাহেল রানা এবং এলাকার বাসিন্দারা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
স্থানীয় কয়েকজনের ধারণা, সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পানির প্রবল স্রোতে মরদেহটি ভারতীয় সীমান্তঘেঁষা কোনো এলাকা থেকে ভেসে এসে সিতাপের পানিতে আটকে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার করা মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো এবং পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
হামহাম ঝরনা ও এর আশপাশের পাহাড়ি অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। তবে দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ওই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মরদেহটির পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।