প্রকাশিত :  ০৭:০৮
০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত সিফাত গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চে'র সদস্য।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। অভিযোগ, ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়।

সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর