প্রকাশিত :  ১৩:০৪
০২ সেপ্টেম্বর ২০২৬

শাংহাই সম্মেলনের ছবিতে মোদিকে বাদ দিয়ে নিজেকে কেন্দ্রে দেখালেন শেহবাজ!

শাংহাই সম্মেলনের ছবিতে মোদিকে বাদ দিয়ে নিজেকে কেন্দ্রে দেখালেন শেহবাজ!

শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সম্মেলনের মূল ছবিটি এমনভাবে ক্রপ করা হয়েছে, যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকজন বিশ্বনেতা বাদ পড়ে যান। ফলে প্রকাশিত ছবিতে শেহবাজ শরিফকে কেন্দ্রীয় অবস্থানে দেখা যায়। ছবিটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এ নিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়। প্রকাশিত ছবিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ এবং কিরগিজ কর্নেল উলারবেক জারলিকোভিচ শারশিভকে দেখা যায়।

ছবিটি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনের আগে তোলা হয়েছিল। সেখানে সদস্য দেশগুলোর নেতারা একসঙ্গে দাঁড়িয়েছিলেন।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি স্পষ্ট হয়। মূল ছবিতে দেখা যায়, শেহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ অবস্থানে ছিলেন। পাকিস্তানের প্রকাশিত ছবিতে তাকে কেন্দ্রীয় অবস্থানে দেখাতে বাঁ পাশের পাঁচজন বিশ্বনেতাকে ক্রপ করে বাদ দেওয়া হয়েছে।

২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১০টি সদস্য দেশ, ১৫টি অংশীদার দেশ এবং দুটি পর্যবেক্ষক দেশ অংশ নেয়।

সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে প্রভাব পড়ার প্রেক্ষাপটেও তিনি বক্তব্য দেন।

মোদি এসসিওর তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিরাপত্তা, সংযোগ ও সুযোগ নিয়ে আরও কার্যকর সহযোগিতার ওপর জোর দেন। শুধু পরিকল্পনা বা লক্ষ্য নির্ধারণ নয়, পরিমাপযোগ্য ফলাফলের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে এসসিও প্রতিষ্ঠিত হয়। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে পূর্ণ সদস্য হয়। এরপর ২০২৩ সালে ইরান এবং ২০২৪ সালে বেলারুশ পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়।

সূত্র: এনডিটিভি



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর