প্রকাশিত :  ১২:৫০
০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৩
০২ সেপ্টেম্বর ২০২৬

কুকুরের আক্রমণে আহত গন্ধগোকুল উদ্ধার, কলার আড়ত থেকে মিলল সবুজ ফণিমনসা

কুকুরের আক্রমণে আহত গন্ধগোকুল উদ্ধার, কলার আড়ত থেকে মিলল সবুজ ফণিমনসা

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক দুটি ঘটনায় একটি আহত গন্ধগোকুল ও একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা গত মঙ্গলবার ও বুধবার প্রাণী দুটিকে উদ্ধার করেন। পরে উদ্ধার করা গন্ধগোকুল ও সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় সড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকটি কুকুর একটি গন্ধগোকুলকে ঘিরে আক্রমণ করে। কুকুরের আক্রমণে প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

এর এক দিন আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সুশেন্দ্র দেবনাথের কলার আড়তে আরেকটি বন্যপ্রাণীকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলার ছড়ির ভেতর হঠাৎ একটি সাপ দেখতে পান আড়তে থাকা লোকজন। সাপটি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে আড়তের মালিক সুশেন্দ্র দেবনাথ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। তাঁরা জানান, সাপটি একটি সবুজ ফণিমনসা।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উদ্ধার করা গন্ধগোকুল ও সবুজ ফণিমনসা সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৭টি সাপসহ মোট ২০টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর