প্রকাশিত :  ১৯:০১
৩০ আগষ্ট ২০২৬

শ্রীমঙ্গলে খামারে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার, বাড়ছে সাপের আতঙ্ক

শ্রীমঙ্গলে খামারে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার, বাড়ছে সাপের আতঙ্ক

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।  রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছবপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিনের খামারে সকালে হঠাৎ একটি বড় অজগর ঢুকে পড়ে। সাপটি খামারের ভেতরে ঢোকার পর গরুগুলো অস্বাভাবিকভাবে চিৎকার ও নড়াচড়া শুরু করে। গরুর চেচামেচির শব্দ শুনে খামারের মালিক জসীম উদ্দিন সেখানে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান।

পরে গরুগুলোর চেচামেচি ও নড়াচড়ার কারণে অজগরটি খামারের ভেতর থেকে বাইরে চলে আসে। বিশাল আকৃতির সাপটি দেখে খামারে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। তাঁরা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিনই অজগরসহ বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হচ্ছে। একের পর এক সাপ উদ্ধারের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে।

তবে সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল। তিনি বলেন, সাপ দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। খবর পেলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপগুলো উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করবেন।

বন্যপ্রাণী সংরক্ষণে সাপ না মেরে উদ্ধারের মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, লোকালয়ে সাপের উপস্থিতি দেখা গেলে নিজেরা ধরতে বা মারতে না গিয়ে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়াই নিরাপদ।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর