প্রকাশিত :  ০৭:৪৫
৩০ আগষ্ট ২০২৬

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে মো. পনি ওরফে ‘প্যারা পনি’ এবং তার এক সহযোগীকে আটক করা হয়। অভিযানে পনির ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে র‍্যাব।

রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২-এর সদর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল শনিবার হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন রুলি (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।‎ বগুড়া থেকে ঢাকায় চোখের চিকিৎসা করাতে এসেছিলেন তিনি।

গত শুক্রবার রাতে বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে স্বামীর সঙ্গে তিনি ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর