প্রকাশিত :  ০৮:০৬
২৮ আগষ্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪,০০০ কেজি অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪,০০০ কেজি অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৪,০০০ কেজি (২৪ টন) টিএসপি ও ডিএপি সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিকদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকে থাকা সারের বৈধ কোন কাগজপত্র না থাকায় সারসহ ট্রাকটি আটক করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরে ট্রাকটি তল্লাশি করে ৯,৫০০ কেজি টিএসপি সার এবং ১৪,৫০০ কেজি ডিএপি সার সর্বমোট ২৪,০০০ কেজি (২৪ টন) সার জব্দ করা হয়। জব্দকৃত সার ও ট্রাকের আনুমানিক সিজারমূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।

জব্দকৃত সার ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

-প্রেস বিজ্ঞপ্তি


Leave Your Comments




জাতীয় এর আরও খবর