প্রকাশিত :  ১৭:৫৭
২৫ আগষ্ট ২০২৬

সরকারি বিল-বন্ডের সুদ কমেছে দেড় থেকে আড়াই শতাংশ

সরকারি বিল-বন্ডের সুদ কমেছে দেড় থেকে আড়াই শতাংশ
সরকারের ঋণ নেওয়ার অন্যতম প্রধান মাধ্যম ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার গত এক বছরে মেয়াদভেদে দেড় থেকে আড়াই শতাংশ পর্যন্ত কমেছে। এতে সরকারের ঋণ গ্রহণের ব্যয় কমার পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার কমাতেও ইতিবাচক প্রভাব পড়ছে। 
ব্যাংক খাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকার জোগান বাড়ানো, আমানতের প্রবাহ বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা ও ঋণপ্রবাহ কমার কারণে সার্বিকভাবে ব্যাংক খাতে তারল্যের জোগান বেড়েছে। 

এছাড়া সরকারের ঋণ গ্রহণের প্রবৃদ্ধি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরে কমেছে।

এসব কারণে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হারও কমছে। মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জুন পর্যন্ত তিন মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হার ছিল ১১ দশমিক ৭৩ শতাংশ। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তা গড়ে নেমে এসেছে ৯ দশমিক ৯৯ শতাংশে। একই সময়ের ব্যবধানে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হার ১১ দশমিক ৮৪ শতাংশ থেকে কমে ১০ দশমিক ২৪ শতাংশে নেমেছে। 

এক বছর মেয়াদি ট্রেজারি বিলের সুদহার আলোচ্য সময়ে ১১ দশমিক ৮৯ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে। এসব বিলের মাধ্যমে সরকার ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানিগুলো থেকে স্বল্পমেয়াদি ঋণ নেয়। 

সরকার দীর্ঘমেয়াদি ঋণ নেয় বিভিন্ন বন্ডের মাধ্যমে। এর মধ্যে দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২০২৫ সালের জুন পর্যন্ত গড়ে ছিল ১২ দশমিক ১৫ শতাংশ। চলতি বছরের জুন পর্যন্ত তা গড়ে ১০ দশমিক ৪৬ শতাংশে নেমে এসেছে। তিন বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার গত এক বছরে ১৩ দশমিক ৯ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৬৫ শতাংশে নেমেছে। 

পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ১২ দশমিক ২৬ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার আলোচ্য সময়ে গড়ে ১২ দশমিক ২৪ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ের ব্যবধানে ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার ১২ দশমিক ৪০ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৮২ শতাংশে নেমেছে। 

তাছাড়া ২০ বছর মেয়াদি বন্ডের সুদহার ১২ দশমিক ৪০ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৮৯ শতাংশে নেমেছে।

সূত্র জানায়, তিন ও ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহারকে ভিত্তি সুদ হিসাবে ধরা হয়। এ দুটি উপকরণের সুদহার কমলে এর সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য সব খাতের সুদ হারও কমাতে হয়। সঞ্চয়পত্রের সুদহার ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহারের সঙ্গে সমন্বয় রেখে নির্ধারণ করতে হয়। 

ব্যাংকগুলো যেসব ঋণচুক্তি করে, সেগুলোর ক্ষেত্রেও ভিত্তি সুদকে বিবেচনায় নিতে হয়। এসব কারণে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার কমলেও অন্যান্য ঋণের সুদহারও কমে। যে কারণে ইতোমধ্যে ঋণের সুদহার কিছুটা কমতে শুরু করেছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর