প্রকাশিত : ১৯:১৮
২৩ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:৩৪
২৩ আগষ্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক: একজন লেখকের সাহিত্যিক পরিচিতি এখন আর নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই, তার প্রকৃত ব্যাপ্তি ফুটে ওঠে বৈশ্বিক বইয়ের বাজার ও আন্তর্জাতিক ডিজিটাল পাঠপরিসরে। সেই ধারায় বিশ্বমঞ্চে বাংলাদেশি সাহিত্যের নতুন সম্ভাবনার কথা জানান দিচ্ছেন লেখক রেজুয়ান আহম্মেদ। সম্প্রতি তাঁর লেখা দুটি বই বিভিন্ন আন্তর্জাতিক বিক্রয় ও ডিজিটাল প্ল্যাটফর্মের সেরা বইয়ের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে।
মানসিক ও সামাজিক মনস্তত্ত্ব নিয়ে লেখা রেজুয়ান আহম্মেদের জনপ্রিয় বই 'We Are All Mad' সাইকোলজিক্যাল ও সোশাল ফিকশন শ্রেণিতে বড় সাফল্য পেয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক শীর্ষস্থানীয় বই বিক্রয় প্ল্যাটফর্ম Eldar.ch-এর বেস্টসেলার তালিকায় বইটি বর্তমানে প্রথম নম্বরে অবস্থান করছে। পাশাপাশি সান ফ্রান্সিসকোভিত্তিক বৈশ্বিক ডিজিটাল লাইব্রেরি সেবা Everand-এ এর অবস্থান দ্বিতীয়।
অন্যদিকে তাঁর আলোচিত আরেকটি বই 'Beyond the Naf' বিশ্বখ্যাত ই-কমার্স ও বই বিক্রয় কেন্দ্রগুলোতে ইতিবাচক সাড়া ফেলেছে। প্ল্যাটফর্মগুলোর প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে জানা যায়, Amazon, Indigo, Kobo, Booktopia এবং Hugendubel-এর যৌথ বেস্টসেলার তালিকায় বইটি তৃতীয় নম্বরে উঠে এসেছে।
ব্যবসায়িক ও সাহিত্য বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলো মূলত একটি নির্দিষ্ট সময়ের বাজারচিত্র প্রকাশ করে এবং সময় বা প্ল্যাটফর্মভেদে এতে পরিবর্তন আসতে পারে। তবে আন্তর্জাতিক ডিজিটাল ও মুদ্রিত বইয়ের বাজারে একজন বাংলাদেশি লেখকের এই সুনির্দিষ্ট উপস্থিতি বৈশ্বিক পাঠকমহলে দেশীয় সাহিত্যের নতুন দরজা উন্মোচন করছে।
আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে রেজুয়ান আহম্মেদের লেখার মূল শক্তি তাঁর সর্বজনীন কথাসাহিত্য। মনস্তাত্ত্বিক সামাজিক সংকট, মানুষের মানসিক টানাপোড়েন ও বাস্তবতার এমন কিছু মৌলিক প্রশ্ন তিনি গল্পের মাধ্যমে তুলে ধরেন, যার আবেদন ভৌগোলিক সীমারেখা ছাপিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্বজুড়ে নতুন পাঠকের দ্বারে।