প্রকাশিত : ০৯:৪৫
২২ আগষ্ট ২০২৬
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর জোয়ার খাল এলাকার আতা মিয়া নামে এক অটোচালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে শিমুলতলীগামী বুড়ির বাপের বাড়ির রাস্তা থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ পড়ে আছে ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। ওই বৃদ্ধের মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। তার মুখে পাকা লম্বা দাঁড়ি, পরনে নীল সাদা চেক লুঙ্গি ও গায়ে গোলাপি রঙের একটি ফতোয়া ছিল। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বৃদ্ধ মা স্ট্রোক করে মারা যায়।
পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছিনতাইয়ের পরিকল্পনা করে যাত্রী সেজে অটোচালককে ৫/৭ কিলোমিটার দূরে নিয়ে আসে। পুলিশ সন্দেহ ভাজন ৪ জনকে আটক করে।