প্রকাশিত :  ০৯:৪২
২২ আগষ্ট ২০২৬

এসি বাসে আগুন: যাত্রী ফেলে পালালেন চালক-সহকারী, কাচ ভেঙে উদ্ধার

এসি বাসে আগুন: যাত্রী ফেলে পালালেন চালক-সহকারী, কাচ ভেঙে উদ্ধার

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় জনতা ও পুলিশের সময়োপযোগী পদক্ষেপে জানালার কাচ ভেঙে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর কলঘর বাজার এলাকার এন আলম ফিলিং স্টেশনের সামনে ‘আইকন পরিবহন’ এর বাসটিতে (কক্সবাজার-ঢাকা) এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে বাসটি কলঘর বাজার অতিক্রম করার সময় আচমকা গাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা ২৫ থেকে ৩০ জন যাত্রীর মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। তারা বাঁচার আকুতি জানাতে থাকেন। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং বাসের জানালার কাচ ভেঙে একে একে সব যাত্রীকে নিরাপদে বের করে আনেন। এতেকরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা।  কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

খবর পেয়ে রামু হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।  হাইওয়ে পুলিশের সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় এবং যাত্রীদের বাস থেকে মালামাল বের করে তাদের বুঝিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস দল গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এদিকে বাসের যাত্রীরা অভিযোগ করেছেন, আগুন লাগার পরপরই বাসের চালক ও হেলপার যাত্রীদের কোনো সহায়তা না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, বাসের যান্ত্রিক ত্রুটি এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে পলাতক চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর