প্রকাশিত :  ০৮:৩৬
২০ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৫২
২০ আগষ্ট ২০২৬

কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার

কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার পর গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এন্টালি থানার পুলিশ মেন মার্কেট এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করে। তার বাড়ি কলকাতার জোড়াসাঁকো এলাকায়। অগ্নিকাণ্ডের পর হোটেলটির পরিচালনব্যবস্থা, লিজসংক্রান্ত নথি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এসব তদন্তে আবু জাফরের ভূমিকা সামনে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তের স্বার্থে আরও দুই হোটেলকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের একজন পাশের ‘যাপন’ হোটেলের ব্যবস্থাপক এবং অন্যজন ওই হোটেলের কর্মী। পুলিশ জানিয়েছে, ‘যাপন’ হোটেলটিরও ইজারাদার আবু জাফর।

এর আগে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পুরুষ, দুই নারী ও এক শিশুসহ নয়জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয়। প্রাথমিকভাবে এসি মেশিনে বিস্ফোরণ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।

আগুন দ্রুত হোটেলের অন্তত চারটি কক্ষে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে পুরো হোটেলে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার তদন্তে কলকাতা পুলিশের লালবাজার থেকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) এই তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন। আগুনের সূত্রপাত, ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং হোটেল পরিচালনায় কোনো ধরনের অনিয়ম ছিল কি না—সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় নিউমার্কেট থানায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। অনিচ্ছাকৃত হত্যার ১০৫, অপরাধমূলক ষড়যন্ত্রের ৬১ এবং সমবেতভাবে অপরাধের ৩/৫ ধারায় মামলা করা হয়েছে। এ ছাড়া দমকল বিভাগের পক্ষ থেকেও একটি অভিযোগ করা হয়েছে।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর