প্রকাশিত :  ০৯:১৫
১৯ আগষ্ট ২০২৬

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বিরাহিমপুর জোড়াপুলসংলগ্ন একটি গলিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার রাসেল মিয়া (২৬), বানিয়াচং উপজেলার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গল উপজেলার জুয়েল মিয়া (২৮) ও রাসেল আহমেদ (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদ পায় শ্রীমঙ্গল থানা-পুলিশ। পরে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিরাহিমপুর জোড়াপুলসংলগ্ন এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও প্রাইভেটকারে থাকা চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পরে তাঁদের তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, একটি ধারালো চাকু, একটি লোহার শাবল ও দুটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের একটি টয়োটা এলিয়ন প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর