প্রকাশিত :  ১৩:২৬
১৩ আগষ্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে ইসিতে জমা ৩ মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে ইসিতে জমা ৩ মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে। 

আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র জমার সময় বিকেল ৪টা পার হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত সময় পর্যান্ত আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দু’টি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মনোনয়নপত্র পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী দুই জন।

তিনি জানান, ঘোষিত তপশিল অনুযায়ী, ১৬ আগস্ট নির্বাচন কর্তার কার্যালয় নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। সহযোগিতা করার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এর আগে, আজ বেলা পৌনে ১২টায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীর একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিকেলে আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই অবস্থায় অলি আহমদের দু’টি মনোনয়নপত্র জমার বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কেন তারা দু’টি মনোনয়নপত্র জমা দিলেন, সেটা তারাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথমটা বৈধ হয়ে গেলে দ্বিতীয়টা বাছাইয়ের আর দরকার পড়বে না। 

আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে। আর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।



Leave Your Comments




জাতীয় এর আরও খবর