প্রকাশিত :  ০৭:২২
১৩ আগষ্ট ২০২৬

তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রুথ সোশ্যালে পোস্ট প্রকাশের আগেই তা দেখার এবং বিক্রির বিতর্কিত উদ্যোগ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আগাম পোস্ট দেখার ও তা বিক্রির উদ্যোগকে কেন্দ্র করে আপত্তি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম বন্ধে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতে দ্য ইন্টারসেপ্ট মিডিয়া এবং ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে এই দেওয়ানি মামলাটি দায়ের করে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নীতি, সামরিক পদক্ষেপ বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট আর্থিক বাজারে প্রভাব ফেলে। 

মাসে প্রায় ১ লাখ ডলারের বিনিময়ে ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের অফিশিয়াল তথ্য বিক্রির এই প্রক্রিয়াকে ‘অসাধারণ, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক’ হিসেবে উল্লেখ করেছে বাদী পক্ষ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সুবিধা দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন বলেও মামলায় দাবি করা হয়।

ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে ‘ট্রুথ এপিআই’ নামের নতুন এই পরিষেবা চালু করে। এই প্ল্যাটফর্মে ট্রাম্প ছাড়াও হোয়াইট হাউস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট, পরিবহন সচিব শন ডাফি এবং স্বাস্থ্য সচিব রবার্ট কেনেডির মতো শীর্ষ ১০টি অ্যাকাউন্টের পোস্ট গ্রাহকরা অন্যদের আগে পাওয়ার সুযোগ পান।

ট্রাম্প মিডিয়ার সিইও কেভিন ম্যাকগার্ন জানান, ট্রুথ এপিআই গ্রাহকদের মিলিসেকেন্ডের ব্যবধানে প্রকাশ্য তথ্য পৌঁছে দেয়। ইতিপূর্বে সংস্থাটি প্রতি মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার মূল্যের ১০টিরও বেশি চুক্তি সম্পন্ন করেছে। 

ট্রাম্পের পাশাপাশি মামলাটিতে তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো, প্রেসিডেন্ট কার্যালয় ও হোয়াইট হাউস অফিসকে আসামি করা হয়েছে।

সূত্র: সিএনবিসি


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর