প্রকাশিত :  ১৮:১৯
১২ আগষ্ট ২০২৬

রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নিভবে আলোকিত বিলবোর্ড

রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নিভবে আলোকিত বিলবোর্ড

বিদ্যুৎ সাশ্রয় ও সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে চাপ কমাতে আলোকসজ্জা ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিলবোর্ড বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে এই নতুন সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত নির্ধারিত থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চলমান বা অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যেই আবশ্যিকভাবে শেষ করতে হবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা বা লাইটিং সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

তবে জরুরি সেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো এই নতুন সময়সীমার আওতাভুক্ত হবে না। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসাসংশ্লিষ্ট দোকান। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই সরকার এই সময়োপযোগী ও পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ বিভাগ থেকে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি ও কর্তৃপক্ষকে সরকারি এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।



Leave Your Comments




জাতীয় এর আরও খবর