প্রকাশিত : ১০:৪৪
১১ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৫৬
১১ আগষ্ট ২০২৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ মান অর্জন করেছে । কোম্পানি দুটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। উভয় কোম্পানির রেটিংয়ের পূর্বাভাস রাখা হয়েছে ‘স্থিতিশীল’।
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির দাবি পরিশোধ সক্ষমতা (সিপিএ) রেটিং নির্ধারণ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটি ইউনিয়ন ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। উভয় রেটিংয়ের পূর্বাভাস রাখা হয়েছে ‘স্থিতিশীল’।
২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
এদিকে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দাবি পরিশোধ সক্ষমতার রেটিংও প্রকাশ করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। প্রতিষ্ঠানটি সিকদার ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। এ রেটিংয়ের পূর্বাভাসও ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।
সিকদার ইন্স্যুরেন্সের রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।