প্রকাশিত :  ১৯:১৯
১০ আগষ্ট ২০২৬

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

সোমবার রাত ৯টার দিকে শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজ ‘এহছানুল হক মিলন মিডিয়া সেল’–এ এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। 

ওই পোস্টে আরও বলা হয়, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হতে পারে। এমন আলোচনার প্রেক্ষাপটেই বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করে এহছানুল হক মিলন মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর