প্রকাশিত : ০৯:০২
০৯ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩৪
০৯ আগষ্ট ২০২৬
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আজ রোববার (৯ আগস্ট) জোটের পক্ষ থেকে অলি আহমদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীর নাম ঘোষণা করেন।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বৈঠকের পর জামায়াতের ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
তিনি বলেছিলেন, ‘ফলাফল যা-ই হোক না কেন, সেটা কোনো বিষয় নয়। আমরা এমন একজন খুব ভালো প্রার্থী দেব, যাকে জাতি মেনে নেবে।’
বর্তমান সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যার ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল অনেকটাই আগে থেকে অনুমান করা যাচ্ছে। এমন পরিস্থিতিতেও কেন নির্বাচনে অংশ নিচ্ছে—এই প্রশ্নের জবাবে সাইফুল আলম খান মিলন বলেছিলেন, সরকারি দলের অবস্থানের ওপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবেন না।
তিনি বলেন, ‘আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা সরকারি দলের নির্দেশনা অনুযায়ী চলব না। তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করছি।’