প্রকাশিত : ১৫:৪১
০৭ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৪৬
০৭ আগষ্ট ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকায় সালাউদ্দিনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার কারণ ও গ্যাস লিকেজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দগ্ধদের স্বজন ও স্থানীয়রা জানান, সালাউদ্দিনের বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে ভাড়াটে রাজমিস্ত্রী মাইদুলের ঘরে গ্যাস জমে যায়। ভোরে মাইদুল লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালে বিকট শব্দ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মারাত্মক দগ্ধ হন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সের শিশু সন্তান মারুফ।
আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেলিমের বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ বলে অভিযোগ রয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল। ঘরের বাসিন্দা যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে যান তখন বিস্ফোরণের ঘটনা ঘটে।