প্রকাশিত : ০৭:২৮
০৭ আগষ্ট ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাস এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ওসমানীনগরের দয়ামীর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
ওসি আরও জানান, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী।
আহতদের বেশির ভাগও একই বাসের যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।