প্রকাশিত : ০৭:৪৭
০৩ আগষ্ট ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের এই দরপতনের ইতিবাচক প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে, ফলে ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম।
আজ সোমবার (৩ আগস্ট) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক দরপত্রে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৭৬ ডলারে পৌঁছায়। একই দিনে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৫৪ ডলারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার বার্তা দেওয়ায় বিশ্ববাজারে সাময়িক স্বস্তি দেখা দিয়েছে। আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পাঁচ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। এ ছাড়া জাপানি ইয়েনের মান বাড়াতে দেশটির মুদ্রা বাজার কর্তৃপক্ষের পদক্ষেপ ডলারের দর কিছুটা নামিয়ে এনেছে। ডলারে মূল্য নির্ধারিত হওয়ায় ডলারের দরপতনে বিশ্বজুড়ে ক্রেতাদের কাছে সোনার ক্রয়মূল্য তুলনামূলক সাশ্রয়ী হয়ে ওঠে, যা পণ্যটির মূল্যবৃদ্ধিতে সরাসরি সহায়তা করেছে।