প্রকাশিত :  ০৬:০৪
০৩ আগষ্ট ২০২৬

ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়: জার্মান আদালত

 ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়: জার্মান আদালত

জার্মানির একটি আদালত রায়ে বলেছেন, ইসরায়েলকে নাৎসি শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করাকে স্বয়ংক্রিয়ভাবে অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকারকে গুরুত্ব দিয়ে আদালত এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে এ-সংক্রান্ত সব অভিযোগ থেকে খালাস দিয়েছেন। রায়টি দেশটির বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আইনবিষয়ক ওয়েবসাইট ‘বেক অনলাইন’–এর বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, এক নারী তার ইনস্টাগ্রাম পোস্টে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতে গিয়ে নাৎসিদের ব্যবহৃত স্বস্তিকা চিহ্ন এবং নাৎসি পার্টির পতাকার ছবি ব্যবহার করেন। তিনি নাৎসি বাহিনীর অপরাধের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পদক্ষেপের তুলনা করে ছবি ও হ্যাশট্যাগ পোস্ট করেছিলেন।

অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো (প্রায় ৩ লাখ ৪১ হাজার টাকা) অর্থদণ্ড দিয়েছিলেন। তবে জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাইব্রুকেন শহরের একটি উচ্চতর আঞ্চলিক আদালত আপিল শুনানিতে নিম্ন আদালতের নির্দেশটি বাতিল করে দেন।

উচ্চ আদালতের রায়ে বলা হয়, জার্মানির সংবিধানে বাকস্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে তা এখানে প্রাধান্য পাবে। অভিযুক্ত নারী মূলত ইসরায়েল রাষ্ট্রের গৃহীত সামরিক পদক্ষেপগুলোর তীব্র প্রতিবাদ জানাতে প্রতীকগুলো ব্যবহার করেছিলেন, কোনো নিষিদ্ধ বা অসাংবিধানিক সংগঠনের প্রচারের জন্য নয়। ফলে এটিকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর