প্রকাশিত : ১৪:৩১
০২ আগষ্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি উচ্চপর্যায়ের সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক বিষয়ে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল এ সফরে অংশ নেবে।
সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। অ্যাডমিরাল কোহলারের সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পর তিনি ঢাকায় আসছেন।
পরপর দুই মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তার সফরকে দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্কের নতুন গতি ও কৌশলগত সম্পৃক্ততার অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা বেড়েছে।
অ্যাডমিরাল কোহলারের সফরে এসব বিষয়ে প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।