প্রকাশিত :  ১৪:২৬
০২ আগষ্ট ২০২৬

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে পাচ শতাংশ পর্যন্ত কর প্রণোদনা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে পাচ শতাংশ পর্যন্ত কর প্রণোদনা

করদাতাদের স্বেচ্ছায় কর পরিশোধে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) করদাতা এবং হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) এ বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২ আগস্ট) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন বিধান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা আয়কর রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত) কর প্রণোদনা বা কর ছাড় পাবেন।

তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না।

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা—এই দুটির মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হবে।

এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—এই দুটির মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এনবিআর বলছে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর প্রণোদনা প্রদানের ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন।

এর মাধ্যমে কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী এবং কর প্রশাসনের কার্যক্রম অধিকতর দক্ষ ও সুশৃঙ্খল হবে।

এর আগে গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। করদাতারা www.etaxnbr.gov.bd সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। পাশাপাশি ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটের মতো বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে। সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে তা সমাধানে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে এনবিআর।

৩০ সেপ্টেম্বরের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের জন্য সম্মানিত করদাতাদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।



Leave Your Comments




জাতীয় এর আরও খবর