প্রকাশিত :  ০৬:৫৪
৩১ জুলাই ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ

ঢাকা, ৩১ জুলাই ২০২৬: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (৩০ জুলাই) দিবাগত রাতে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিকদল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুইজন অজ্ঞাত ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে উক্ত এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি

৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড 

তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি Patron সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সিগারেটের ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল পরিচালনা করে আসছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে চোরাচালানের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

-প্রেস বিজ্ঞপ্তি



Leave Your Comments




জাতীয় এর আরও খবর