প্রকাশিত : ১৮:০৪
৩০ জুলাই ২০২৬
সিলেট জেলার বিশ্বনাথে নিজ বসতঘর থেকে সুমাইয়া বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ইশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের দিনমজুর মো. রিয়াছত আলীর মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুমাইয়া ও তার ছোট বোনকে ঘরে রেখে মা-বাবা পাশের একটি বাড়িতে কাজ করতে যান। দুপুরে খাওয়া শেষ করে ছোট বোন ঘরের বাইরে গেলে সুযোগ বুঝে সুমাইয়া ভেতর থেকে দরজা আটকে দেয়। পরে ছোট বোন ফিরে এসে তাকে বহু ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ভয় পেয়ে চিৎকার শুরু করে।
তার চিৎকারে বাবা-মাসহ প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কোনো উপায় না পেয়ে তারা ঘরের পেছনের দিকে রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাঁশের সাথে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিচে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”