প্রকাশিত : ০৫:৩৯
৩০ জুলাই ২০২৬
ইরানে মার্কিন সামরিক হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
খুজেস্তান প্রদেশের উপ-নিরাপত্তা মন্ত্রীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, আবাদান শহরের কয়েকটি স্থান মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে।
একই সঙ্গে হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি। এছাড়া আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও একই ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হরমুজগান প্রদেশের সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমটি।
এদিকে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের শহর এলাকায় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে প্রেস টিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।