প্রকাশিত :  ১৪:২৭
২৯ জুলাই ২০২৬

ছাদ থেকে রড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ছাদ থেকে রড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুঁড়ি গ্রামের মৃত সুরজত আলীর ছেলে সিরাজ (২২)।

নিহত জিসান ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। সেখান থেকেই প্রতিদিন ত্রিশালে এসে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ডিম ব্যবসায়ী আতাউর রহমানের তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে ৫/৬ মাস আগেই। ওই ভবন ঘেঁষেই গেছে বিদ্যুতের লাইন। ঝুঁকি নিয়েই শ্রমিকদের দিয়ে নির্মাণকাজ শেষ করেন ভবন মালিক। তার দাবি, বিদ্যুতের তারে প্লাস্টিকের কভার লাগানোর জন্য একাধিকবার অফিসে যোগাযোগ করেছেন। কিন্তু এ ব্যাপারে উদ্যোগ নেয়নি বিদ্যুৎ বিভাগ।

গত কয়েকদিন ধরে ভবনের  বাকি কাজ করছিলেন জিসান ও সিরাজ। দুপুরের দিকে ভবনের তিনতলার ছাদ থেকে রড নিচে নামানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনে রড লেগে যায়। রডটি বিদ্যুৎতাড়িত হয়ে দুজনই ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যান। একজন পড়েন নিচে থাকা পিকআপ ভ্যানের ওপর আরেকজন পাকা সড়কে।

শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ভবন মালিক আতাউর রহমান বলেন, ছাদ থেকে পড়ে যাওয়ার খবর শুনেই আমি বাসার সামনে যাই। পড়ে সেখান থেকে হাসপাতালে যাই। তাদের মৃত্যুতে আমার কোনও দোষ নেই। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। দাফন-কাফন শেষ হলে তাদের নিয়ে বসবো। 

নিহত সিরাজের চাচা আজিজুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। তাই আমরা কোনও মামলা মোকদ্দমা করবো না। 

এ ব্যাপারে কথা বলতে ত্রিশাল বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর সরকারি নম্বরে একাধিকবার কল দিলেও নম্বরটি বন্ধ দেখায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর