প্রকাশিত :  ০৭:৫৩
২৭ জুলাই ২০২৬

হাটহাজারীতে চাঁদাবাজি: চাঁদার হুমকিতে বন্ধ রয়েছে বহুতল ভবনের নির্মাণকাজ

হাটহাজারীতে চাঁদাবাজি: চাঁদার হুমকিতে বন্ধ রয়েছে বহুতল ভবনের নির্মাণকাজ

চট্টগ্রামের হাটহাজারীতে বহুতল ভবনের মালিকের কাছে চাঁদা দাবি করে ব্যর্থ হওয়ার পর হামলা চালানোর অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। পরে মুঠোফোনে হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার জন্যও চাপ দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।

আজ সোমবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। 

ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, রোববার সকালে বিল্ডিংয়ে হামলা করার পর রাতে আবারও মুঠোফোন ফোন দিয়ে অশালীন গালিগালাজ এবং কাজ বন্ধ রাখতে হুমকি দিয়েছে। 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ আজ সোমবার বেলা ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, গতকালের ঘটনায় ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

তিনি জানান, এই মামলায় দু’জন আসামিকে বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। 

প্রসঙ্গত, রোববার সকাল ৯টার দিকে হাটহাজারীতে একটি বহুতল ভবনের নির্মাণকাজকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা না দিলে, ‘১০০ জন পুলিশের সামনেও গুলি করা হবে’ এমন হুমকি দেওয়ার কয়েক দিন পর প্রকাশ্যে নির্মাণাধীন ভবনের নিচে ফাঁকা গুলি ছোড়ার দাবি করেছেন ভবন মালিক জসিম উদ্দিন। 



Leave Your Comments




জাতীয় এর আরও খবর