প্রকাশিত : ০৫:০৮
২৩ জুলাই ২০২৬
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে দুর্নীতির দায়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রায় এক কোটি ৭০ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন বলে দুদকের আইনজীবী শেখ কোব্বাত হোসেন জানান।
দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান (দিপা) উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী।
মামলার বরাতে আইনজীবী বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ নভেম্বর মামলা করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায়ও অভিযোগ আনা হয়েছিল।
আইনজীবী শেখ কোব্বাত হোসেন বলেন, মামলার পর আসামি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। পরে তিনি জামিনে ছাড়া পান। আদালত আসামিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি আসামির এক কোটি ৬৯ লাখ চার হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
তার বিরুদ্ধে অর্থপাচার আইনের ধারার অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে আইনজীবী বলেন, আসামির আগের হাজতবাসের সময় প্রদত্ত সাজার সঙ্গে সমন্বয় করা হবে।