প্রকাশিত :  ১০:০২
২০ জুলাই ২০২৬

ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানালেন পুতিন

ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানালেন পুতিন

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়ার প্রতি অব্যাহত সমর্থন জানিয়ে আসায় উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (১৯ জুলাই) রাশিয়া সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গে বৈঠকে তিনি এ ধন্যবাদ জানান।

ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে পুতিন বলেন, ইউক্রেনে পরিচালিত রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’এ উত্তর কোরিয়ার সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বপূর্ণ ভূমিকা রাশিয়া কখনো ভুলবে না এবং তাদের নিজ দেশের নাগরিকদের মতোই সম্মান জানানো হবে।

এ সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে গড়ে ওঠা পারস্পরিক আস্থা ও বোঝাপড়ারও প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে সরকারি সফরে রাশিয়ায় গেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে সেনা মোতায়েনের পাশাপাশি মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করেছে।

অন্যদিকে বিশ্লেষকদের মতে, এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা, খাদ্য, জ্বালানি এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতা পেয়েছে।

এপ্রিলের শেষ দিকে জ্যেষ্ঠ রুশ কর্মকর্তাদের পিয়ংইয়ং সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মস্কোর বিজয় নিশ্চিত করতে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর