প্রকাশিত :  ১৯:৫২
১৯ জুলাই ২০২৬

স্বাধীন পরিচালনা পরিষদ গঠন ও প্রবাসী পরিচালক নিয়োগের দাবিতে ইসলামি ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীন পরিচালনা পরিষদ গঠন ও প্রবাসী পরিচালক নিয়োগের দাবিতে ইসলামি ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি প্রবাসী গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে একাধিক দাবি উত্থাপন করেছে ‘ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদ’। তাদের দাবির মধ্যে রয়েছে—স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন, প্রকৃত মালিকানা পুনর্বহাল, ব্যাংক খাতের অনিয়ম তদন্তে বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং পরিচালনা পর্ষদে একজন প্রবাসী প্রতিনিধিকে পরিচালক হিসেবে নিয়োগ।

গত বৃহস্পতিবার, লন্ডন বাংলা প্রেসক্লাবে ইসলামি ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদ কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরিষদের আহবায়ক গোলাম মুর্তজা সিআইপি উপরোক্ত দাবী করেন। কমিটির মেম্বার সেক্রেটারী মাহমুদুর সুমনের পরিচালনায় এই সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন কমিটির উপদেষ্ঠা ব্যারিস্টার আতাউর রহমান, জয়েন্ট কনভেনর সাংবাদিক বদরুজ্জামান বাবু এবং জোবায়ের আহমদ। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব কেএম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আব্দাল চৌধুরী এবং হাসান জামান সহ বিভিন্ন ইলেকট্রিকস ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে দেশের রেমিট্যান্স সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী এই ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠান। ফলে ব্যাংকটির স্থিতিশীলতা ও গ্রাহকসেবা প্রবাসীদের জীবনযাত্রার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। 

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ব্যাংকটির পরিচালনা ও মালিকানা নিয়ে অতীতে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিরসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। তাদের অভিযোগ, রাজনৈতিক ও কর্পোরেট প্রভাবের কারণে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থের অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে প্রবাসী গ্রাহক পরিষদের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সততা ও ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংকের প্রকৃত মালিকানা ও স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়মের তদন্তে বিশেষ ব্যবস্থা গ্রহণ, পাচারকৃত অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া এবং প্রবাসীদের জন্য নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা। 

এ ছাড়া ইসলামী ব্যাংককে রাজনৈতিক ও কর্পোরেট প্রভাবমুক্ত রেখে শরিয়াহভিত্তিক ব্যাংকিং নীতিমালার আলোকে পরিচালনার দাবি জানানো হয়। পাশাপাশি পরিচালনা পর্ষদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তত একজন যোগ্য প্রবাসী পরিচালক নিয়োগের আহ্বান জানানো হয়েছে। 

সংগঠনের নেতারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা ও ব্যাংকের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। এ জন্য সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর