প্রকাশিত :  ০৬:৩৩
১৬ জুলাই ২০২৬

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা থানার এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সটি আতাইকুলার সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

‎সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ এবং মরদেহের সঙ্গে থাকা কেয়ার নানী বুলু খাতুন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সে ও বাসে থাকা আরও কয়েকজন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালিয়ে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি শিশুর লাশ নিয়ে পাবনার সাঁথিয়ায় ফিরছিল তার স্বজনরা। এসময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। 

তিনি আরও জানান, নিহত ২ জন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।




Leave Your Comments




জাতীয় এর আরও খবর