প্রকাশিত : ০৬:৪৭
১৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫৮
১৪ জুলাই ২০২৬
ঢাকা, ১৩ জুলাই ২০২৬: বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বন্যাকবলিত দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে পড়া অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর মানবিক সেবার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান, ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ এবং ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
আজ (১৩ জুলাই) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর উদ্যোগে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রমের আওতায় প্রায় ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং আরও ২০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
দিনব্যাপী কার্যক্রমের অন্যতম আকর্ষণ ছিল ড্রোন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বন্যাদুর্গত দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে পড়া অসহায় মানুষের কাছে দ্রুত ও নিরাপদ উপায়ে শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা দুর্গম এলাকায় ত্রাণ বিতরণে কার্যকর ও সময়োপযোগী সমাধান হিসেবে প্রশংসিত হয়েছে। সমগ্র কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি বিজিবির মানবিক ও প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করে ব্যতিক্রমী এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। জেলা প্রশাসক বলেন, “৫৫ বিজিবির এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, পশু চিকিৎসা এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যপরামর্শ, খাদ্য ও আর্থিক সহায়তা পেয়েছেন। বিজিবির এ মানবিক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম দুর্যোগ মোকাবিলায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে হবিগঞ্জ ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”-প্রেস বিজ্ঞপ্তি