প্রকাশিত : ১৮:২৮
০৮ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৫৭
০৮ জুলাই ২০২৬
টানা ভারী বর্ষণ এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার অধিকাংশ এলাকা বিশেষ করে বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধ শতাধিক পরিবারের আনুমানিক ২০০-২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ ও মানবিক সংকটে পড়েছে। দুর্যোগকবলিত এসব মানুষের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ দুপুরে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম-এর নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাদুর্গত এলাকায় যান। বন্যার্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া থানচির বন্যাদুর্গত ও দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে বিজিবি।
উল্লেখ্য, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে বিজিবি অতীতের ধারাবাহিকতায় এবারও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি