প্রকাশিত : ০৭:৩৯
০৬ জুলাই ২০২৬
লন্ডন, ৫ জুলাই ২০২৬: হলভর্তি দর্শকের উপস্থিতিতে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির ৫০ বছরের জীবনসংগ্রাম, স্বপ্ন ও সাফল্যের কাহিনি নিয়ে নির্মিত নাটক ‘উই স্টেইড’ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় পূর্ব লন্ডনের টয়েনবি হলে মঞ্চস্থ এ নাটক দেখতে দুই শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
ড. মুহাম্মদ আহমদ উল্লাহ রচিত গল্পের নাট্যরূপ দিয়েছেন ড. ক্যানান সালিহ। কমিউনিটি সংগঠন ইস্ট এন্ড কানেকশনের উদ্যোগে নাটকটি প্রযোজনা ও মঞ্চস্থ করা হয়।
নাটকের কাহিনিতে ষাটের দশকে যুক্তরাজ্যে আসা এক সিলেটি বাংলাদেশির পরিবারের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে আনার পর ভাষাগত প্রতিবন্ধকতা, আবাসন সংকট, বর্ণবাদ এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পরিবারটি ধীরে ধীরে নিজেদের অবস্থান গড়ে তোলে। এই পরিবারের গল্পের মধ্য দিয়ে শত শত ব্রিটিশ-বাংলাদেশি অভিবাসীর সংগ্রাম, ত্যাগ ও প্রতিষ্ঠার ইতিহাস ফুটে ওঠে।
আজকের নতুন প্রজন্মের অনেকেই জানে না, তাদের দাদা-নানা কিংবা বাবা-মায়েরা কীভাবে এই দেশে এসে কঠোর সংগ্রামের মাধ্যমে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছিলেন।
‘উই স্টেইড’-এর অর্থ শুধু ‘আমরা থেকে গেছি’ নয় । এর অর্থ—কঠিন প্রতিকূলতার মধ্যেও আমরা থেমে থাকিনি, ভয় পাইনি, হার মানিনি । বর্ণবাদ, দারিদ্র্য, বৈষম্য ও অসংখ্য বাধা অতিক্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা নিজেদের অধিকার ও অবস্থান প্রতিষ্ঠা করেছি। আমরা শুধু টিকে থাকিনি; মর্যাদা, সততা ও আত্মসম্মানের সঙ্গে নিজেদের জায়গা তৈরি করেছি। তাই ‘উই স্টেইড’ শুধু একটি নাটক নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।
নাটকে বাবা চরিত্রে অভিনয় করেন জিয়াউর রহমান সাকলাইন এবং মায়ের চরিত্রে তাহিয়া। অন্যান্য চরিত্রে অভিনয় করেন হাফসা ইসলাম, নাজিম, রুবায়াত, আয়ান, তাসমিয়া, তারিফ, হেলেন, এনি, এন্থনি, ইভ, আলভান, আমির, আসমাত, জারাসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইস্ট এন্ড কানেকশনের সেক্রেটারি বদরুল আলম। নাটক শেষে দর্শকদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধ্যাপক শহীদুর রহমান, সাবেক মেয়র দরছ উল্লাহসহ আরও অনেকে। এ সময় নাটকের রচয়িতা ড. মুহাম্মদ আহমদ উল্লাহ নাটকটির প্রেক্ষাপট তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র সয়ফুল আলম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক ফয়সল মাহমুদ, সাংবাদিক সুয়েজ মিয়া এবং সাবেক কাউন্সিলর আইয়ুব করম আলীসহ বিশিষ্টজন ।
উল্লেখ্য, ন্যাশনাল লটারি ফান্ডের অর্থায়নে ইস্ট এন্ড কানেকশন ‘স্টোরিজ অব স্ট্রাগলস অ্যান্ড স্ট্রাইডস’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় ‘উই স্টেইড’ নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। একই প্রকল্পের অংশ হিসেবে ব্রিটিশ-বাংলাদেশিদের আন্দোলন-সংগ্রাম, বর্ণবাদবিরোধী লড়াই এবং কমিউনিটি গঠনের ইতিহাস নিয়ে প্রায় ৭০০ পৃষ্ঠার একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী ১৪ সেপ্টেম্বর প্রকাশের আশা করা হচ্ছে।