প্রকাশিত :  ০৯:২১
০৫ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে মাদকবিরোধী সভা, বিভিন্ন অভিযোগ

শ্রীমঙ্গলে মাদকবিরোধী সভা, বিভিন্ন অভিযোগ

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাদক, চুরি-ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলে মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বনগাঁও গ্রামে ‘মাদক প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোসাব্বির আল মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাজ উদ্দিন তাজু, স্থানীয় বাসিন্দা আফজল মিয়া ও সুধান চক্রবর্তী।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের মো. মোসাব্বির আল মাসুদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের বিস্তার ঘটেছে এবং প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। তিনি বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করলে অনেক সময় হামলার শিকার হতে হয়। তাঁর দাবি, অভিযোগ করার পরও অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা কাঙ্ক্ষিত প্রতিকার পান না। বনগাঁও এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাজ উদ্দিন তাজু বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে সখ্যতার অভিযোগও তোলেন।

সভায় উপস্থিত কয়েকজন এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের বলেন, বনগাঁও এলাকার এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, এতে এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে অভিযুক্ত ইমদাদুর রহমান (৫০) গণমাধ্যমকর্মীদের বলেন, তিনি বর্তমানে কৃষিকাজ করেন এবং কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকর্মীদের বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো মাদক কারবারি বা অপরাধীর সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পর্ক নেই। দায়িত্ব পালনকালে তিনি অনেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন বলেও জানান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকর্মীদের বলেন, পুলিশ মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক কারবারিদের সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর