প্রকাশিত : ০৬:১৫
০৫ জুলাই ২০২৬
করদাতাদের ফাইল অডিটে নেওয়ার ভয় দেখিয়ে একদল প্রতারক অর্থ আদায়ের চেষ্টা করছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কোনো অবস্থাতেই প্রতারকদের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত না হতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ রবিবার (৫ জুলাই) এনবিআর-এর রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে এক শ্রেণির প্রতারকচক্র করদাতাদের কর নথি (File) অডিটে পড়ার তথ্য দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে।
এই বিষয়ে করদাতাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে এনবিআর চার দফা নির্দেশনা দিয়েছে :
লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয় : এনবিআর-এর কোনো কর্মকর্তা বা কর্মচারী কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না।
অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা আইনানুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।
আর্থিক লেনদেনে সতর্কতা : কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে অথবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
তথ্য যাচাই : এই ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা (SMS) বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইনি ব্যবস্থা : কোনো প্রতারকচক্র যদি এনবিআর-এর কর্মকর্তা সেজে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) অবহিত করতে এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করতে বলা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছসেবা প্রদানে বদ্ধপরিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সন্দেহভাজন এই প্রতারকচক্রের হাত থেকে নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখতে করদাতাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।